বেনাপোলে সাংবাদিক জিসানের উপর বর্বর নির্যাতন চালিয়েছে

বেনাপোলে সাংবাদিক জিসানের উপর বর্বর নির্যাতন চালিয়েছে

যশোরের বেনাপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন সাংবাদিকের উপর বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে। এই বিষয়ে থানায় মামলা হলেও অদ্যাবধি পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করায় নির্যাতের শিকার সাংবাদিক ও তার পরিবারের লোকেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে মামলার এজাহার নামীয় আসামীরা আদালত থেকে আগাম জামিন নিয়ে নির্যাতিত সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের নানা ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার সাংবাদিক জিসান আহম্মেদ রাব্বী ও তার পরিবারের সদস্যরা।

ঘটনার বিবরণে জানা যায়, শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের বিএনপি নেতা ও ব্যবসায়ী শাহাদুর রহমান খোকনের ছেলে জিসান আহম্মেদ রাব্বী ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে পিতার ট্রান্সপোর্ট ব্যবসার হাল ধরতে তিনি ঢাকা থেকে বেনাপোলে চলে যান এবং বাংলা নিউজ ২৪ ডট কম এর বেনাপোল প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সাংবাদিকতা পেশার পাশাপাশি জিসান তার পৈত্রিক ব্যবসাও দেখাশোনা করতেন। সম্প্রতি আমড়াখালী এলাকার হক ফিলিং স্টেশনে ট্রাকের তেল নেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক জিসানের সাথে স্থানীয় একদল যুবকের বসচার ঘটনা ঘটে।

তেল পাম্পের সিরিয়াল কে কেন্দ্র করে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনায় পান্তাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে তরিকুল ইসলাম রাজু,মান্দারতলা গ্রামের আব্দুল্লাহ,কাগমারি আমড়াখাল িগ্রামের রজব আলীর ছেলে হাসান,আজগর আলীর ছেলে মোস্তাক,ইউনুস আলীর মেয়ে জামাই হাসান ওরফে ঘরজামাই হাসান,কাগজপুকুর গ্রামের মমিন হুজুরের ছেলে আব্দুল্লাহসহ ৮/১০ জন যুবক জিসান কে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে এবং তার কাছ থেকে জোরপূর্বক ৬৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। মুমুর্ষ অবস্থায় জিসানকে যশোর ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় জিসানের ট্রান্সপোর্টের স্টাফ ভবেরবেড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে সোহাগ হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। পুলিশ ঘটনাটির প্রাথমিক তদন্ত করে মামলাটি রেকর্ড করেন। মামলা নম্বর ১৪/২৬, তারিখ -২২-০৪-২৬ ইং। বেনাপোল পোর্ট থানার এস মিলন হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেন পোর্ট থানার ইনচার্জ আশরাফ হোসেন।

কিন্তু অদ্যাবধি ওই মামলার কোন অগ্রগতি তো নেই; উপরন্তু মামলার আইও এস আই মিলন হোসেন মামলার বাদীসহ অন্যান্যদের কে নানা ভাবে ভয়ভীতি ও হয়রানী করছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে পোর্ট থানার এস আই মিলন হোসেন আসামীদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে তাদেরকে আদালত থেকে আগ্রিম জামিন পেতে সহায়তা করেছেন।

যার কারনে বর্তমানে আসামীরা বেপরোয়া চলাফেরা করছেন এবং বাদী ও তার পরিবারের সদস্যসহ নির্যাতিত সাংবাদিক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী জিসান আহম্মেদ রাব্বীকে হত্যা করার হুমকি ধামকি দিচ্ছে। বিষয়টি মামলার আইও এস আই মিলনকে বার বার অবহিত করলেও রহস্যজনক কারনে তিনি কোন প্রতিকার তো করছেনই না উপরন্তু সাংবাদিক জিসান ও তার পরিবারকে নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন নির্যাতিত সাংবাদিক জিসান আহমেদ।

এ বিষয়ে যোগাযোগ করলে এস আই মিলন হোসেন বলেন, আমি মামলার তদন্ত করছি। নির্যাতিত জিসান আহমেদ খুব ভালো ছেলে। তার উপর যারা হামলা করেছে তা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আসামীরা আদালত থেকে জামিনে আছেন। ফলে আমি চেষ্টা করেও তাদের আটক করতে পারছি না। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার চেষ্টা করছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

Explore More Districts