| ১০ March ২০২৬ Tuesday ১০:৫৯:৩৫ PM | |
নগর প্রতিনিধি:

বকেয়া বেতন ও আসন্ন ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোড অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে দীর্ঘ সময় যান চলাচল স্থবির হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
এর আগে নগর ভবনের সামনে থেকে সিটি করপোরেশনের দুই হাজার পরিচ্ছন্নতা কর্মী মিছিল নিয়ে গীর্জ্জা মহল্লা হয়ে টাউন হলের সামনে আসেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। তবে ওই গেজেটে উৎসব ভাতা না দেওয়ার শর্ত থাকায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।
শ্রমিকদের অভিযোগ, তারা মাসে ৩০ দিন হাড়ভাঙা খাটুনি দিলেও হাজিরা পান মাত্র ২২ দিনের। বাকি ৮ দিনের মজুরি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়া গত বছর তারা ঈদ বোনাস পেলেও এবার তা না দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক কালু হোসেন দাস বলেন, ‘পুরো মাস কাজ করে মাত্র ২২ দিনের টাকা পাই। তার ওপর এবার ঈদ বোনাস বন্ধ করার পায়তারা চলছে। গত বছর বোনাস দেওয়া হলেও এবার কেন দেওয়া হবে না? আমাদের দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, তারা মজুরিভিত্তিক শ্রমিক বোনাস চাওয়াটা অযৌক্তিক। তারপরও বিষয়টি মানবিক হিসেবে বিবেচনা করা হবে আশ্বাস দেন তিনি।
এদিকে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি আদায় না হলে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধসহ অনির্দিষ্টকালের ধর্মঘটে পালন করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

