
ঢাকা, ২ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের হিড়িক অব্যাহত রয়েছে। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন পরিচালক দায়িত্ব ছাড়ার পর এবার সেই তালিকায় যুক্ত হলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
আজ সকালে বিসিবি সভাপতির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
ইয়াসির মোহাম্মদ ফয়সাল জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক ছিলেন এবং বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
একের পর এক পরিচালকের পদত্যাগের কারণে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন। এর পাশাপাশি ঢাকা লিগসহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট সময়মতো শুরু না হওয়ায় ক্রিকেটারদের পক্ষ থেকেও বোর্ডের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে।
সার্বিকভাবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বর্তমানে একটি অস্থিতিশীল সময় পার করছে। এমন সংকটময় পরিস্থিতির মাঝেই বিসিবির পরিচালনা পর্ষদ পুনরায় বৈঠকে বসতে যাচ্ছে। আগামী ৪ এপ্রিল শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সকাল ১১টায় এই বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আয়োজিত এই সভায় যেসব কর্মকর্তা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না তারা অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এনএন/ ২ এপ্রিল ২০২৬




