
ঢাকা, ৫ এপ্রিল – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার সাভারে বিকেএসপি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, সকালে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আলোচনার পর আইসিসিকে বিষয়টি অবহিত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে।
তদন্ত কার্যক্রমে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অসহযোগিতা ও অনুপস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে এবং যাচাইবাছাই শেষে আইসিসির সঙ্গে আলোচনার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফ মাহমুদের করা অভিযোগ প্রসঙ্গে আমিনুল হক সরাসরি মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি বিষয়টি সাংবাদিকদের যাচাই করার অনুরোধ জানিয়ে বলেন, ফেসবুকে অনেক সত্য এবং মিথ্যা তথ্য ছড়ায়, তাই এর সত্যতা নিরূপণের দায়িত্ব গণমাধ্যমের।
এছাড়া ক্রীড়াঙ্গনের বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সাভারের মতো বিকেএসপির সুযোগসুবিধা বিভাগীয় এবং জেলা পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। এর মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের নিজ নিজ এলাকায় প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা হবে।
এনএন/ ৫ এপ্রিল ২০২৬





