
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৬টি ক্লাবের কাউন্সিলররা প্রার্থীতা প্রত্যাহার করে নেন এবং পরবর্তীতে ঢাকার ৪৫টি ক্লাব বিসিবির অধীনে ঘরোয়া ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল।
সদ্য দায়িত্ব নেওয়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক জানিয়েছেন, বিসিবির সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং বিষয়টি সমাধানে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসবেন।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এই মন্তব্য করেন।
তিনি বলেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা তিনি আগেও উল্লেখ করেছেন এবং এখনো তার অবস্থানে অনড় রয়েছেন। বিষয়টি যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মাবলীর আওতাভুক্ত, তাই তাদের বিধিবিধান মেনেই আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনার পরই তিনি চূড়ান্ত মন্তব্য করবেন বলে জানান।
এছাড়া ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন নতুন এই প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, একদিনে সব পরিবর্তন সম্ভব না হলেও দীর্ঘমেয়াদী সংস্কারের মাধ্যমে ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিশ্চিত করা হবে। খেলাধুলাকে কোনো বিশেষ দলের প্ল্যাটফর্মে পরিণত না করার প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রকৃত ক্রীড়াপ্রেমী ও স্পোর্টিং কমিউনিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



