বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শাহরিয়ার রহমান (রাজু) (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে যশোরে মামলা হয়েছে। আদালতের নির্দেশে শুক্রবার (৭ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, বাঘারপাড়া উপজেলার খলসি গ্রামের মিতালী আক্তার মিতু (২৬) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, যশোরে নালিশি মামলা করেন। অভিযোগে তিনি বলেন, অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের শাহরিয়ার রহমান (রাজু) তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি আদালতের শরণাপন্ন হন।
গত ২৯ জুলাই আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ওসিকে তদন্তপূর্বক এফআইআর করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার থানায় মামলাটি রেকর্ড করা হয়।
পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


