
ঢাকা, ৩০ এপ্রিল – রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান দ্য বোয়িং কোম্পানির মধ্যে ১৪টি নতুন উড়োজাহাজ ক্রয়ের একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বিমান বহরে ১০টি ওয়াইড বডি ৭৮৭ ড্রিমলাইনার এবং ৪টি ন্যারো বডি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ যুক্ত হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই চুক্তি সই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এই বিশাল উদ্যোগটি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিশনের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বিশ্বমানে উন্নীত করা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এই চুক্তির বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, জ্বালানি সাশ্রয়ী এবং অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই উড়োজাহাজগুলো বিমানের বহরকে আধুনিক করতে বিশাল ভূমিকা রাখবে। এর ফলে বিমানের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক রুটে নেটওয়ার্ক সম্প্রসারণ সহজতর হবে।
এভিয়েশন খাতের এই অগ্রগতি পর্যটন শিল্পের বিকাশ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করা বিমান বাংলাদেশ এই নতুন উড়োজাহাজগুলোর মাধ্যমে আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পারবে।
এই চুক্তিটি বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে ত্বরান্বিত করবে।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬




