
মুম্বাই, ২২ ফেব্রুয়ারি – প্রায় এক দশক ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন ভারতের দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ২০২৩ সালে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ মাথিয়াস বোকে বিয়ে করেন তিনি। পুরোদস্তুর ভারতীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন করার পর বেশ কিছুটা সময় পার হয়ে গেছে।
সম্প্রতি অভিনেত্রী জানালেন এক বিস্ময়কর তথ্য, তিনি নাকি ভুলতে বসেছেন যে তিনি বিবাহিত। তবে তাপসী ও মাথিয়াসের দাম্পত্যজীবনে কোনো অশান্তি নেই, বরং তারা একে অপরের সঙ্গে বেশ সুখেই দিন কাটাচ্ছেন। তাপসী জানান, তার কাছে বিয়ে মানে জীবনের আমূল পরিবর্তন নয়। অভিনেত্রীর ভাষ্যমতে তার স্বামী এই সম্পর্কটা কখনও বোঝা হতে দেননি। বিয়ের আগে তাপসীর একটাই শর্ত ছিল যে বিয়ের পরেও সব কিছু যেন আগের মতোই থাকে।
সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না বলে মনে করেন তিনি। জীবনযাত্রা এতটাই স্বাভাবিক রয়েছে যে তিনি বিবাহিত সেটাই ভুলে যান। বিয়ের বিষয়ে অভিনেত্রী নিজেকে কিছুটা পুরনোপন্থী বলে দাবি করেন এবং বিয়েকে সারাজীবনের বন্ধন হিসেবেই মানেন। জীবনসঙ্গী হিসেবে তিনি এমন কাউকে চাননি যিনি কেবল তার কথায় উঠবোস করবেন। মাথিয়াস ও তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার মূল কারণ হিসেবে দুজনেই বাস্তববাদী হওয়াকে উল্লেখ করেছেন তাপসী।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬




