চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কাশেম (৪৩)। পুলিশ জানায়, আবুল কাশেম জঙ্গল সলিমপুর এলাকায় নলা কাশেম নামে পরিচিত। তিনি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, অস্ত্র ও ডাকাতির ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৬টি গুলি, পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
