বিটিভির প্রতি মানুষের আস্থা নাই : গৌরনদীতে তথ্যমন্ত্রী

বিটিভির প্রতি মানুষের আস্থা নাই : গৌরনদীতে তথ্যমন্ত্রী

১৯ March ২০২৬ Thursday ৯:২২:৫৩ PM

Print this E-mail this


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বিটিভির প্রতি মানুষের আস্থা নাই : গৌরনদীতে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ টেলিভিশন এতো বড় একটি প্রতিষ্ঠান, এটির প্রতি মানুষের আস্থা একেবারেই নাই। আমার জন্য একটা চ্যালেঞ্জ, বিটিভিকে জনগণের আস্থাভাজন একটি সম্প্রচার মাধ্যমে হিসেবে প্রতিষ্ঠা করা। আপনারা দোয়া করবেন, বিটিভিকে যেন জনগণের আস্থার জায়গায় নিয়ে আসতে পারি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, আমি আপ্রাণ চেষ্টা করছি মন্ত্রণালয়কে সময়োপযোগী হিসেবে দাঁড় করানোর জন্য। ইতোমধ্যে মন্ত্রণালয়ের সবাইকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কাজে হাত দিয়েছি। 

তিনি আরও বলেন, আমরা নির্বাচনী সময়ে ওয়াদা করেছিলাম, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। সেই লক্ষ্যে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। বিটিভি এবং বাংলাদেশ রেডিওকে কীভাবে সময়োপযোগী করা যায় এবং সরকারের লক্ষ্যের সঙ্গে মিলিয়ে কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার ও সদস্য বিএম বেলাল। ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts