বিএনপি নেতার মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
জেলা প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর ডোমারে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার(২৮এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তোফায়েল আহমেদ উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচন বাধাগ্রস্থ, নেতাকর্মীদের হেনস্তা, সংঘাতময় পরিবেশ সৃষ্টি করে জন নিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে ‘আগুন খোয়া বাহিনী’ নামের একটি সন্ত্রাসী বাহিনী তৈরী করে নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটায়। এমতাবস্থায় গত ২০১৮ সালের ২৩ডিসেম্বর প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী জনসভা ও গাড়ী বহরে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিনের নির্দেশে ‘আগুন খোয়া বাহিনী’র কয়েকশত সন্ত্রাসী দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে। এ সময় প্রার্থী রফিকুল ইসলামসহ তার সাথে থাকা নেতাকর্মীরা আক্রান্ত হয়। হামলায় অগ্নিসংযোগ করে ৩টি মাইক্রোবাস, ২২টি মোটরসাইকেল ভাংচুর করে মোট ৩৩লক্ষ টাকার ক্ষতি সাধন করেন।
গত বছরের ২৯ সেপ্টেম্বর নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারসহ ডোমার উপজেলার ৩১জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই তিনশত জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন জোড়াবাড়ী ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র সভাপতি রবিউল ইসলাম। সেই মামলায় নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম রংপুর সংবাদকে বলেন, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

