বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে নাদিয়া পাঠান পাপন – DesheBideshe

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে নাদিয়া পাঠান পাপন – DesheBideshe



বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে নাদিয়া পাঠান পাপন – DesheBideshe

ব্রাহ্মণবাড়িয়া, ২০ এপ্রিল – সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে নাদিয়া পাঠান পাপন। এই মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মেয়ের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন তার মা সৈয়দা নাখলু আক্তার। তিনি জানান, রাজনীতি নিয়ে মা ও মেয়ের মধ্যে কখনোই কোনো মতানৈক্য তৈরি হয়নি। এ বিষয়ে তাদের মধ্যে কোনো বিশেষ আলোচনাও হয়নি। মূলত শ্বশুরবাড়িতে থাকার সুবাদে নাদিয়া পাঠান পাপন ঢাকাতেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

নাদিয়া পাঠান পাপন বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত এবং ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানেও তাকে রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে।

অন্যদিকে তার মা সৈয়দা নাখলু আক্তার আওয়ামী লীগের রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন। তিনি জেলা পরিষদের সদস্য এবং বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। নাদিয়া পাঠান পাপন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হওয়ায় তিনি তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিজয়নগরের সন্তান হিসেবে দলমতের ঊর্ধ্বে উঠে অভিনন্দন জানানোর কথা উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।

তবে মনোনয়ন পাওয়ার বিষয়ে নাদিয়া পাঠান পাপনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সোমবার বিকেলে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তার মা সৈয়দা নাখলু আক্তার আরও বলেন যে তিনি বেশ আগেই রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তার মেয়ে অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। মেয়ে সংসদ সদস্য হতে যাওয়ায় একজন মা হিসেবে তিনি অত্যন্ত আনন্দিত।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬



Explore More Districts