এক সংবাদ সম্মেলনে ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন বলেন, ‘সম্ভবত ইউক্রেন (এ হামলার) পেছনে রয়েছে।’ তিনি আরও বলেন, জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হলো, তা পরিষ্কার নয়।
ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জাহাজটি রাশিয়ার বিচ্ছিন্ন ভূখণ্ড কালিনিনগ্রাদে যাচ্ছিল। রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে রুশ কর্মকর্তারাও একই তথ্য দিয়েছিলেন।
শনিবার রাত পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি তাদের জলসীমায় নোঙর করা আছে। তাই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে ফিনল্যান্ড। তবে শেষ পর্যন্ত রুশ জাহাজগুলো ধ্বংসাবশেষ টেনে রাশিয়ায় নিয়ে যেতে পারে।
ফিনল্যান্ড উপসাগরের কোস্টগার্ডের কমান্ডার মিক্কো সিমোলা বলেন, উদ্ধার অভিযানের সময় রাশিয়ার একটি হেলিকপ্টার অল্প সময়ের জন্য ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

