যশোরের আলোচিত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’কে স্ত্রী আরিফা সুলতানা বৃষ্টিসহ আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে পুরাতন কসবা ও উপশহর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে শেখহাটি জামরুলতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক স্বামী-স্ত্রী দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত ২৪ জুন কাজীপাড়ার আমির আলী গার্ডেন এলাকার একটি বাড়িতে বাথরুমের এক্সহস্ট ফ্যান ভেঙে ঢুকে ল্যাপটপ, চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও অন্যান্য মালামাল চুরি করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শামীমকে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করলে তিনি চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী স্ত্রী আরিফার কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ এবং স্বর্ণ বিক্রির ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়,‘স্পাইডার শামীম’ এর আগেও একাধিকবার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এমনকি পুলিশ সদস্যদের বাড়িতেও চুরির ঘটনা ঘটিয়েছেন। কয়েকবার কারাগারে গেলেও জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

