| ৬ October ২০২৬ Tuesday ১:২৭:২২ AM | |
মোটরসাইকেলের গতিরোধ করে শাবল দিয়ে আঘাত, মাথায় গুরুতর জখম।
বাবুগঞ্জ (বরিশাল):

বরিশালের বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. রাজিব হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মোটরসাইকেলের গতিরোধ করে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়।
সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডসংলগ্ন সাড়ে পাঁচ আনি গ্রামে এ ঘটনা ঘটে।
রাজিব হোসেনের অভিযোগ, সাড়ে পাঁচ আনি গ্রাম থেকে ক্লাবগঞ্জ বাজারে যাওয়ার পথে স্বপন বিশ্বাসের বাড়ির সামনে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এ সময় স্বপন বিশ্বাস লোহার শাবল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। স্বপনের ছেলেও হামলায় যুক্ত হন বলে অভিযোগ করেন রাজিব।
তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়রা রাজিবকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলার কারণ সম্পর্কে রাজিব হোসেন বলেন, কী কারণে তাঁর ওপর হামলা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। স্বপন কিংবা তাঁর ছেলেদের সঙ্গে তাঁর কোনো বিরোধও নেই বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে স্বপন বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের দাবি, স্বপন বিশ্বাস দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রাজিব হোসেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

