বাবা-মা ও দাদা-দাদিদের কানাডায় নেওয়ার সুযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত – DesheBideshe

বাবা-মা ও দাদা-দাদিদের কানাডায় নেওয়ার সুযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত – DesheBideshe



বাবা-মা ও দাদা-দাদিদের কানাডায় নেওয়ার সুযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত – DesheBideshe

অটোয়া, ১৬ জুলাই – কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য বাবা-মা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে আনার সুযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির জনপ্রিয় প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস স্পন্সরশিপ প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

গত বুধবার কানাডার অভিবাসন বিভাগ ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আইআরসিসি জানিয়েছে যে একটি কার্যকর এবং সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ২০২৫ থেকে ২০২৭ সালের অভিবাসন পরিকল্পনার আওতায় ইতোমধ্যে জমা পড়া আবেদনগুলোর প্রক্রিয়া যথানিয়মে চলবে।

চলতি বছর আগে জমা হওয়া আবেদনগুলো থেকে ১৫ হাজার ব্যক্তিকে স্থায়ী বসবাসের অনুমোদন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী পিজিপি কর্মসূচিতে আবেদনকারীর সংখ্যা কোটার তুলনায় অনেক বেশি হওয়ায় দীর্ঘদিনের একটি জট তৈরি হয়েছে। এই ব্যাকলগ কমাতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং সম্ভাব্য স্পন্সরদেরও আর আমন্ত্রণ জানানো হবে না।

বর্তমানে ৬০ হাজার ৫০০টির বেশি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে যা নিষ্পত্তি করতে আড়াই বছরেরও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে নতুন আবেদন বন্ধ থাকলেও বাবা-মা বা দাদা-দাদিদের জন্য সুপার ভিসা কর্মসূচি অব্যাহত থাকবে। এই ভিসার মাধ্যমে তারা একবারে সর্বোচ্চ পাঁচ বছর কানাডায় থাকতে পারবেন এবং ১০ বছর মেয়াদে একাধিকবার যাতায়াতের সুযোগ পাবেন।

২০২৪ সালে পিজিপি কর্মসূচির আওতায় ২৭ হাজার ৩৩০ জন স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন।

এনএন/ ১৬ জুলাই ২০২৬



Explore More Districts