বাগেরহাট নিউজ ২৪

বাগেরহাট নিউজ ২৪

খুলনায় কেকেবিএইউতে নেক্সটজেন রিচার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন



বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন /

বাগেরহাট নিউজ ২৪

নিজস্ব প্রতিবেদক,

খুলনা খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) সেন্টার ফর লাইব্রেরি ইনোভেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট আয়োজিত নেক্সটজেন রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রাম-এর উদ্বোধনী অনুষ্ঠান জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন) রাত ৯টায় শুরু হওয়া এ অনলাইন সেশনে নির্বাচিত ২৫ জন ইন্টার্ন অংশগ্রহণ করেন।

তরুণ গবেষক ও পেশাজীবীদের মধ্যে গবেষণা সহযোগিতা এবং একাডেমিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ উদ্যোগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া, আজারবাইজান, নেপাল ও ইন্দোনেশিয়াসহ সাতটি দেশের অংশগ্রহণকারীরা যুক্ত হন, যা এ কর্মসূচির ক্রমবর্ধমান আন্তর্জাতিক পরিসরের প্রতিফলন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মো. নুরুল ইসলাম। পরবর্তীতে ইন্টার্নশিপ কর্মসূচির সার্বিক পরিচিতি তুলে ধরেন ফারজানা শারমিন আনিকা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আহসান উল্লাহ। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা বক্তব্য প্রদান করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ড. আরমানুল হক উদীয়মান গবেষকদের জন্য গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন। ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান গবেষণায় উৎকর্ষ সাধনে জ্ঞান ব্যবস্থাপনা ও তথ্যসেবার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সহকারী অধ্যাপক এবং বি রিসার্চার বিডি-এর প্রতিষ্ঠাতা ড. সাবের হোসেন তরুণ গবেষকদের গবেষণাগত দক্ষতা অর্জন এবং সমন্বিত গবেষণা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি, খুলনা খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মো. আনিসুর রহমান, সমাপনী বক্তব্যে উচ্চশিক্ষায় গবেষণাভিত্তিক শিক্ষা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটির কারিগরি সহায়তা প্রদান করেন সেন্টার ফর লাইব্রেরি ইনোভেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্টের কো-অরডিনেটর মো. নাজিম এবং ইনফরমেটিকা ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসানাত গোলাম রাব্বী। তাঁদের প্রচেষ্টায় অনলাইন অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল অতিথি, অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, ইন্টার্নশিপ কর্মসূচির আওতায় ধারাবাহিক লেকচার, মেন্টরশিপ কার্যক্রম এবং অন্যান্য হালনাগাদ তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়। নেক্সটজেন রিসার্চ ইন্টার্নশিপ প্রোগ্রামটি উদীয়মান গবেষকদের জন্য একাডেমিক উৎকর্ষ, আন্তঃদেশীয় সহযোগিতা এবং উদ্ভাবনী গবেষণা কার্যক্রমের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং বৈশ্বিক গবেষণা সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Explore More Districts