বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ: থানা ঘেরাও ও সড়ক অবরোধের পর ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি – DesheBideshe

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ: থানা ঘেরাও ও সড়ক অবরোধের পর ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি – DesheBideshe

বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ: থানা ঘেরাও ও সড়ক অবরোধের পর ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি – DesheBideshe

পটুয়াখালী, ৮ ফেব্রুয়ারি – পটুয়াখালীর বাউফলে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় ওসির প্রত্যাহার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা থানা ঘেরাও করে এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় দুই ঘণ্টা পর তারা এই অবরোধ তুলে নেন। রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা প্রায় ৭টা পর্যন্ত জামায়াতে ইসলামীর সমর্থকরা বাউফল থানার সামনে অবস্থান নিয়ে বাউফল ও ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এবং পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মোহাম্মদ শাকুর। তাদের সঙ্গে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরাও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান নির্বাচনকালীন সময়ে কোনো দায়িত্ব পালন করবেন না। নির্বাচনের সময় পর্যন্ত থানার দায়িত্বে থাকবেন সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর। এই ঘোষণার পর জামায়াতের নেতাকর্মীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

এর আগে রোববার দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌ বাজার এলাকায় প্রচারণার সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। বিএনপি অভিযোগ তোলে যে জামায়াত টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং এতে অন্তত ২৫ জন আহত হন বলে দাবি করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর একজনকে বরিশালে পাঠানো হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাক টাকা বিতরণের অভিযোগ অস্বীকার করে দাবি করেন যে বিএনপির হামলায় তাদের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

অন্যদিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার দাবি করেন যে বিএনপির বিজয় নিশ্চিত জেনে জামায়াত পরিকল্পিতভাবে এই ঘটনা সাজিয়েছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ। এসএএস/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts