
ঢাকা, ২০ মার্চ – ঢাকা ও দিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
শুক্রবার দুপুরে নিজেদের এক্স হ্যান্ডেলে দেওয়া আলাদা পোস্টে তারা এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রিয়াজ হামিদুল্লাহ। বৈঠক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক এক্স পোস্টে জানান, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। তাদের এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া।
অন্যদিকে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়ে তিনি আনন্দিত। অভিন্ন স্বার্থ ও সুফল অর্জনের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করতে বাংলাদেশ যে পুরোপুরি প্রস্তুত, তা তিনি এই বৈঠকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। রিয়াজ হামিদুল্লাহ ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই কোনো ভারতীয় মন্ত্রীর সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
এর আগে গত বছরের আগস্ট মাসে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী মাসে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান।
মরিশাসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেওয়ার পথে আগামী ৮ এপ্রিল তিনি দিল্লি সফর করতে পারেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ এম/ ২০ মার্চ ২০২৬



