বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে সংসদে বিল পাস – DesheBideshe

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে সংসদে বিল পাস – DesheBideshe



বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে সংসদে বিল পাস – DesheBideshe

ঢাকা, ১০ এপ্রিল – বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ ৬৭ বছরের বয়সসীমা বিলুপ্ত করে জাতীয় সংসদে একটি বিল পাস করা হয়েছে।

শুক্রবার বিকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংশোধনের এই বিলটি উত্থাপন করেন। বিলটিতে কোনো সংশোধনী না থাকায় তা সরাসরি পাস হয়।

নতুন এই আইনের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন আইন ২০২৬। পাস হওয়া বিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের চার বছরের মেয়াদ এবং পুনর্নিয়োগের সুযোগ বহাল রাখা হয়েছে। তবে ৬৭ বছর পূর্ণ হলে পদে থাকা যাবে না বলে যে শর্ত আগে যুক্ত ছিল তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডারের ১০ অনুচ্ছেদের ৫ দফায় থাকা শর্তটি আর কার্যকর থাকছে না।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে জানানো হয়েছে মুদ্রানীতি প্রণয়ন আর্থিক স্থিতিশীলতা রক্ষা ব্যাংক তদারকি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য গভর্নর পদে অভিজ্ঞ দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি নিয়োগ দেওয়া প্রয়োজন। বিদ্যমান বয়সসীমা অনেক ক্ষেত্রে আর্থিক খাতে দক্ষ ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছিল।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তুলনামূলক বিবরণীতেও একই যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয় নেপাল ও পাকিস্তান ছাড়া বিশ্বের অনেক দেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা নেই।

এর আগে ২০২০ সালেও আইন সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছিল। তখন সাবেক গভর্নর ফজলে কবিরকে দ্বিতীয় মেয়াদে রাখার জন্য এই পরিবর্তন আনা হয়। পরবর্তীতে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার প্রায় ৭৩ বছর বয়সী আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিলে আবারও আইনি সীমাবদ্ধতা সামনে আসে। সেই ধারাবাহিকতায় এবার সংসদে বিল পাসের মাধ্যমে বয়সসীমা পুরোপুরি তুলে দেওয়া হলো।

এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে গভর্নর নিয়োগের ক্ষেত্রে বয়সের পরিবর্তে অভিজ্ঞতা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার পথ উন্মুক্ত হলো।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬



Explore More Districts