
নয়াদিল্লি, ২৫ জানুয়ারি – একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তার মৃত্যু হয়। বিবিসি হিন্দির খবরে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাজ্যের নাগরিক মার্ক টালি ১৯৩৫ সালের ২৪ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই সময় তার ব্যবসায়ী বাবা ভারতে ছিলেন। কলকাতায় শৈশব কাটলেও ৯ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে ফিরে যান।
১৯৬৪ সালে তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে যোগ দেন। ১৯৬৫ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দায়িত্ব নেন। তিনি বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে খবর সংগ্রহ করতেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর সংগ্রহ করতে তিনি ১৯৭১ সালের এপ্রিলের শেষ সপ্তাহে তৎকালীন পূর্ব পাকিস্তানে যান। এটি প্রথম এবং শেষ বারের মতো পাকিস্তান সরকার দু’জন সাংবাদিককে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছিল।
মার্ক টালি বলেছিলেন, ১৯৭১ সালের সফরে তিনি ঢাকা থেকে সড়ক পথে রাজশাহী গিয়েছিলেন।
‘‘পাকিস্তানি সেনাবাহিনী যখন সীমান্ত এলাকা পর্যন্ত পৌঁছাল এবং তারা মনে করলো পরিস্থিতির ওপর তাদের নিয়ন্ত্রণ আছে, তখনই তারা আমাদের আসার অনুমতি দিয়েছিল। আমার সঙ্গে তখন ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকার যুদ্ধ বিষয়ক সংবাদদাতা ক্লেয়ার হলিংওয়ার্থ ছিলেন।’’
বিবিসিকে তিনি জানান, ‘‘আমরা স্বাধীনভাবে ঘুরে পরিস্থিতি দেখার সুযোগ পেয়েছিলাম, তাই আমাদের সংবাদের বিশেষ গুরুত্ব ছিল। আমরা বুঝতে পেরেছিলাম ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে। ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সড়কের দু’পাশে গ্রাম পর গ্রাম জ্বালানো হয়েছে আমি দেখেছি।’’
একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় মার্ক টালিকে ২০১২ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। বিবিসি থেকে অবসর নেওয়ার পর তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬



