বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর – দৈনিক আজাদী

বাঁশখালীতে অজু করতে গিয়ে পুকুরে পরে প্রাণ গেল কলেজছাত্রীর – দৈনিক আজাদী

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরে পরে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ফাহিমা তাসলিম সাদিয়া ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা এবং মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে সাদিয়া অজু করার জন্য বাড়ির পাশের পুকুর ঘাটে যায়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে বা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে তার মৃত্যু ঘটে।

নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, ভোরে অজু করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যায়। তিনি সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার করুণ মৃত্যু হয়।

এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাদিয়ার অকাল মৃত্যুতে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তার জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Explore More Districts