| ১৭ January ২০২৬ Saturday ৩:০০:৪০ PM | |
আমাদের বরিশাল ডেস্ক:

বরিশাল বিভাগের ২১ আসনের নির্বাচনি ময়দানে ১৩১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মাঠে আছেন তিন নারী প্রার্থী। তাদের মধ্যে শিক্ষায় এগিয়ে রয়েছেন বরিশাল সদর ও ঝালকাঠি-১ আসনের ডা. মনীষা চক্রবর্তী ও ডা. মাহমুদা আলম মিতু। অন্যদিকে সম্পদ ও অর্থে এগিয়ে আছেন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ব্যবসায়ী ইলেন ভুট্টো। নির্বাচনি হলফনামা অনুযায়ী তারা পেশা, আয় ও সম্পদে আলাদা হলেও শক্তিশালী পুরুষ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভোটের মাঠে লড়াই তাদের জন্য বড় চ্যালেঞ্জ রয়েছে।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী এমবিবিএস পাস ডা. মনীষা চক্রবর্তীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে, যা বর্তমানে উচ্চ আদালতে স্থগিত আছে। অতীতে এই আইনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা ছিল। পেশায় একজন চিকিৎসক। তার বার্ষিক আয় ২ লাখ ৬০ হাজার টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার হাতে নগদ রয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ টাকা, ব্যাংকে জমা আছে ৪ লাখ ৬৪ হাজার ৬৯৪ টাকা, স্থানীয় আমানত ৫ লাখ টাকা এবং পাঁচ ভরি স্বর্ণালংকার। অস্থাবর সম্পদের মোট মূল্য ৩১ লাখ ২৮ হাজার ৯২৮ টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত কোনো দায়-দেনা নেই।
নির্বাচনি ব্যয়ের খাতে তিনি চিকিৎসা পেশা ও ব্যাংক মুনাফা থেকে প্রাপ্ত আয়সহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুদান, মাটির ব্যাংক ও গণচাঁদা থেকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ঝালকাঠি-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামা অনুযায়ী তিনি পেশায় এমবিবিএস চিকিৎসক। পেশা থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার হাতে নগদ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৫১ হাজার টাকা এবং ২০ ভরি স্বর্ণালংকার রয়েছে, যার বাজারমূল্য দেখানো হয়েছে ৪৫ লাখ টাকা। অস্থাবর সম্পদের মোট মূল্য ৭৪ লাখ ৩১ হাজার টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই। তবে তার চিকিৎসক স্বামীর অস্থাবর সম্পদের মূল্য ৫৩ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।
নির্বাচনি ব্যয়ের খাতে তিনি নিজের আয় থেকে ৫ লাখ টাকা, স্বামীর অনুদান ৩ লাখ টাকা, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাওয়া অনুদান ৭ লাখ ৯ হাজার টাকা এবং ক্রেডিট ফান্ডিং থেকে ৭ লাখ ১০ হাজার টাকা মিলিয়ে মোট ২৪ লাখ টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন।
ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো এইচএসসি পাস এবং পেশায় ব্যবসায়ী। কৃষি খাত, বাড়ি ভাড়া, ব্যবসা ও ব্যাংক আমানত থেকে তার বার্ষিক আয় ৬ লাখ ৭৩ হাজার ৪৫০ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার হাতে নগদ রয়েছে ২১ লাখ ৩১ হাজার ৬০২ টাকা, ব্যাংকে জমা আছে ১ লাখ ১৫ হাজার ৮৯৮ টাকা, ১০ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিকস ও আসবাবপত্র এবং বিয়ের সময় পাওয়া ৫০ ভরি স্বর্ণালংকার রয়েছে, যার বর্তমান বাজারমূল্য ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৮ দশমিক ১৫৫ একর কৃষিজমি, ৩ লাখ ৬২ হাজার ৫০ টাকা মূল্যের অকৃষি জমি এবং ঢাকায় ৪৮ লাখ ১৯ হাজার টাকা মূল্যের একটি বাড়ি, যার বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যক্তিগত কোনো দায়-দেনা নেই।
নির্বাচনি ব্যয়ের বিবরণীতে তিনি প্রচার-প্রচারণায় মোট ২৫ লাখ টাকা ব্যয় করবেন বলে উল্লেখ করেছেন। এর মধ্যে নিজস্ব আয় থেকে ১৫ লাখ টাকা এবং চাচা, শ্বশুর, দেবর ও প্রবাসী দুই ভাইয়ের অনুদান থেকে ১০ লাখ টাকা ব্যয় করবেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

