বরিশালে ২ ট্রেড ইউনিয়ন শ্রমিকনেতা ছাঁটাই, প্রতিবাদে সড়ক অবরোধ

বরিশালে ২ ট্রেড ইউনিয়ন শ্রমিকনেতা ছাঁটাই, প্রতিবাদে সড়ক অবরোধ

১৫ February ২০২৬ Sunday ১০:৫৬:০৬ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে ২ ট্রেড ইউনিয়ন শ্রমিকনেতা ছাঁটাই, প্রতিবাদে সড়ক অবরোধ

সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ রোববার দিনভর বরিশাল নগরের রূপাতলী এলাকার ওই কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শেষে সন্ধ্যা ৬টায় বিক্ষুব্ধ শ্রমিকেরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে অবরোধ তুলে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, ট্রেড ইউনিয়ন করায় শ্রমিকনেতা ও ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সহসাধারণ সম্পাদক খুকু মণিকে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ, যা পুরোপুরি অমানবিক ও অগণতান্ত্রিক। রাষ্ট্র যেখানে শ্রমিকদের অধিকার নিশ্চিতের জন্য শ্রমিকসংগঠন করার অধিকার দিয়েছে, সেখানে কারখানামালিক কীভাবে এমন আচরণ করতে পারেন। দ্রুত সময়ের মধ্যে তাঁদের কাজে ফিরিয়ে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকেরা।

ছাঁটাই হওয়া মোশাররফ হোসেন বলেন, ‘১৬ ডিসেম্বর উপলক্ষে আমরা মৌখিকভাবে অনুমতি নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। আমাদের আসতে দেরি হওয়ায় কর্তৃপক্ষ আমাদের কারণ দর্শানোর নোটিশ দেয়। এর জের ধরে আমাদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের চাকরি ফেরত চাই। যদি না দেয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

আন্দোলনে নেতৃত্ব দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী। এ সময় তিনি বলেন, ‘ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদের সাংবিধানিক অধিকার। সেই অধিকার ক্ষুণ্ন করার জন্য সোনারগাঁও টেক্সটাইল মিল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের ওপর অন্যায়ভাবে ছাঁটাই ও নিপীড়ন চালাচ্ছে। সর্বশেষ ট্রেড ইউনিয়ন করার কারণে দুজন শ্রমিকনেতাকে চাকরি থেকে অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। এটা অন্যায় এবং অমানবিক। আমাদের দাবি, অবিলম্বে চাকরিচ্যুত দুই শ্রমিকনেতাকে কাজে ফিরিয়ে নিতে হবে। অন্যথায় এই অন্যায়ের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এদিকে মহাসড়ক অবরোধ করায় দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এদিকে সন্ধ্যা সোয়া সাতটার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts