| ৯ February ২০২৬ Monday ১১:৩৫:২১ PM | |
নগর প্রতিনিধি:

বরিশাল নগরের উপকণ্ঠ মতাশার এলাকার খাল থেকে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে মতাশার ব্রিজের পাশের খাল থেকে লাশটি উদ্ধার করে কাউনিয়া থানার পুলিশ।
উদ্ধার মৃতদেহটি মতাশার এলাকার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী রিয়াজ হাওলাদারের ছেলে রিয়াদ হোসেন বাবু (২২)। সে স্থানীয় বাজারে চায়ের দোকানদার ছিল।
কাউনিয়া থানার এসআই জুয়েল শেখ বলেন, রোববার রাত ১০টা পর্যন্ত জুয়েলকে এলাকায় দেখা গেছে। সকালে তার পরিবার বাড়ির পাশে খালের মধ্যে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই জুয়েল শেখ আরও বলেন, বিষয়টি রহস্যজনক। বাবুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার সাথে কারও শত্রুতা নেই। কীভাবে মৃত্যু হয়েছে সে ধারণা করা যাচ্ছে না। দুর্ঘটনা ঘটার মতো কোনো রোগও ছিল না বলে মৃতের পরিবার থেকে জানানো হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


