| ১ August ২০২৬ Saturday ৯:৪৫:১৩ PM | |
নগর প্রতিনিধি:

অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৭ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এরআগে কোস্ট গার্ডের বরিশাল স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বরিশালের কাউনিয়া থানাধীন চরমোনাই নাইন্দার চর সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ২ টি ড্রেজার, ২ টি বাল্কহেডসহ ৭ জন উত্তোলনকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ঝালকাঠি সদরের পোনাবালিয়া এলাকার মো. ইমরান (২৪), হৃদয় ইসলাম (২০) ও মো সুজন (৩৫), বরিশাল সদরের শায়েস্তবাদ আইচা এলাকার মো. সবুজ হাওলাদার (৪৪), বানারীপাড়া উপজেলার বড় চাউলাকাঠি এলাকার মো. শরিফুল সিকদার (৩৫), ভোলার চরভেদুরিয়া এলাকার মো. খলিল (৪৬) ও মো. কালু (৩২)।
পরবর্তীতে, বরিশাল সদরের সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজহারুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেডের মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করেন।
জরিমানার অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।
মাটিখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় বরিশাল সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


