বরগুনা- আমতলী সড়ক: দায়সারা সংস্কারে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

২২ September ২০২৬ Tuesday ৯:৩৭:৪৩ PM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

ইট, সুরকি উঠে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, খানাখন্দ।বৃষ্টি হলে তাতে পানি জমে। তখন সড়ককে আর সড়ক মনে হয় না, একাকার হয়ে যায় কাদাপানিতে।  

এমন অবস্থা বরগুনার আমতলী পৌর শহরের নতুন বাজার এবং কাঁচাবাজারের সামনের সড়কের। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজার ও জেলা শহরে আসা-যাওয়া করা হাজার হাজার মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি পটুয়াখালী-আমতলী-বরগুনা আঞ্চলিক মহাসড়কের আওতাভুক্ত হওয়ায় অন্য সংস্থাগুলো সংস্কার করছে না। তারা জানান, সম্প্রতি বরগুনা সড়ক ও জনপথ বিভাগ সড়কটিতে সৃষ্টি হওয়া গর্তে ইট-সুরকি ফেলে যান। এতে যান  চলাচল সাময়িক স্বাভাবিক হয়। তবে কিছু দিনের মধ্যেই সেই ইট-সুরকি উঠে গেলে সড়কটি একই অবস্থায় ফিরে যায়।

বরগুনা সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী নতুন বাজার-বরগুনা আঞ্চলিক মহাসড়কটি ২০২০ সালে সংস্কার করা হয়। চলতি বছর পটুয়াখালী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কটি সংস্কার করা হলেও আমতলী নতুন বাজার থেকে বরগুনার সঙ্গে সংযুক্ত আমতলী ফেরিঘাট পর্যন্ত ৮০০ মিটার দীর্ঘ সড়ক সংস্কার করা হয়নি। 

সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে আমতলী নতুন বাজার চৌরাস্তার পাশে সবজি ও মাছ বাজারের  সামনের অংশে ৫০০ মিটার অংশে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। এ সময় পায়ে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, আমতলী নতুন বাজার চৌরাস্তা মোড় থেকে মাছ বাজারের পশ্চিম পাশ পর্যন্ত ৫০০ মিটার অংশে পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। 

বাজারে আসা রেশমা বেগম নামের এক ক্রেতা বলেন, সড়ক বেহাল থাকায় বাজারে যাওয়ার সময় কাদা-পানিতে কাপড় নষ্ট হয়। 

মাছ বাজারের পাইকারি আড়তদার আ. বারেক প্যাদা বলেন, সড়ক ভাঙা ও বড় বড় গর্ত থাকায় কোনো পাইকার গাড়ি নিয়ে এই বাজারে আসতে চান না। 

মাছ বাজারের সামনে মুদি দোকানি মধু মুন্সী বলেন, রাস্তা খারাপ থাকায় এই বাজারে কেউ আসতে চায় না। লোকজন না আসায় দোকোনে বিক্রি অনেক কমে গেছে। 

বরগুনা সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, সড়কে সৃষ্টি হওয়া গর্তগুলো একবার মেরামত করা হয়েছিল। বৃষ্টি কমলে আবারও মেরামত করা হবে। তিনি বলেন, সড়কের পাশে মাছ ও সবজি বাজার থাকায় অতিরিক্ত লোড এবং সড়কে মাছের পানি ফেলায় পিচ উঠে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। 

বিল্লাল হোসেন বলেন, সমস্যার স্থায়ী সমাধানের জন্য আগামী অর্থবছরে আরসিসি ঢালাই দিয়ে সড়কটি সংস্কার করা হবে। এ জন্য সওজের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts