| ১০ April ২০২৬ Friday ১:৩৮:৪৮ AM | |
বরগুনা প্রতিনিধি:

২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২০ জন ভর্তি হয়েছে।
এ পর্যন্ত সব মিলিয়ে ২০৬ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৪ জন। এ নিয়ে বরগুনায় আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে বরগুনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জেলিয়া ইয়াসমিন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরগুনা সদরসহ আমতলী, পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে এবং বেতাগীতে ১টি করে আলাদা শয্যা প্রস্তুত রাখা হয়েছে। জেলায় বর্তমানে ৩৭টি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মেহেদী পারভেজ জানান, মার্চের মাঝামাঝি থেকে জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে এবং প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২০ জন রোগী হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আসছেন। মুমূর্ষু রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।
এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, বরগুনায় নতুন করে সন্দেহভাজনভাবে আরও ২০ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ২০৬ জন রোগীর হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮৪ জন বরগুনা হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ জেলায় মোট ১০ হাজার ৪৫২ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

