| ৩ May ২০২৬ Sunday ৭:১৬:৪১ PM | |
নিজস্ব প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের নবঘোষিত কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছাত্রলীগের সাবেক ও সংশ্লিষ্ট একাধিক নেতাকর্মীকে স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সংগঠনটির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
শুক্রবার (৩ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১২৭ সদস্যবিশিষ্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পরপরই সংগঠনটির ভেতরে সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগ ওঠে, কমিটির সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকসহ একাধিক পদে ছাত্রলীগের সাবেক বা সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, কমিটিতে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ সংশ্লিষ্ট ব্যক্তি স্থান পেয়েছেন। এ নিয়ে ছাত্রদলের ত্যাগী ও দীর্ঘদিনের সক্রিয় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে “ছাত্রলীগের পুনর্বাসন” হিসেবে আখ্যা দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একাধিক নেতা বলেন, “আমরা জানতাম না এত সংখ্যক ছাত্রলীগের কর্মীদের নিয়ে কমিটি দেওয়া হবে। এতে দীর্ঘদিন রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত হয়েছেন।” অভিযোগকারীদের দেওয়া তথ্য ও বিভিন্ন ছবি-ভিডিও বিশ্লেষণে যাদের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাদের মধ্যে রয়েছেন— ৪ নম্বর সহ-সভাপতি মিঞা বাবুল, ৩ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ২২ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম, ১১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান হোসেন, ১২ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান, ২০ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নুর কাফি, ৫ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকভীর সিয়াম, ৯ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক প্রিতম দাস, ১০ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক বর্ণ বরন সরকার এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিন আহমেদ তানভীর।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, “ছাত্রলীগের সংশ্লিষ্টদের সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত ছাড়াই এই কমিটি ঘোষণা করা হয়েছে।”
তবে অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাদের ভূমিকা ছিল, তারা পূর্বে অন্য রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও যদি বিতর্কমুক্ত হন, তাহলে তাদের মূল্যায়ন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পরামর্শ করেই কমিটি দেওয়া হয়েছে। এ নিয়ে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ নেই।”
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

