বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারে সৌদি কিংয়ের অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে আইএসডিই – দৈনিক আজাদী

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারে সৌদি কিংয়ের অর্থায়নে খাদ্য সহায়তা দিচ্ছে আইএসডিই – দৈনিক আজাদী

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কক্সবাজারে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারে খাদ্যসহায়তা দিচ্ছে এনজিও সংস্থা আইএসডিই বাংলাদেশ।

সৌদি কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে এই মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে সংস্থাটি।

খাদ্যসহায়তা হিসেবে প্রতি পরিবার পাচ্ছে- ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে চিনি ও লবণ।

সংস্থাটি জানায়-ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক খাদ্যসংকট মোকাবিলায় এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ প্রায় ৫৬ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, দুর্যোগ ও মানবিক সংকটে থাকা মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। প্রথম ধাপে চকরিয়া পৌরসভার ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে রবিবার (১৯ জুলাই) ফাঁসিয়াখালী ও কৈয়ারবিল ইউনিয়নের আরও ১ হাজার পরিবার এই মানবিক সহায়তা পেয়েছে। বাকী ৩ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারেও পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

এই কার্যক্রম পরিচালনা করছেন আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রকল্প কর্মকর্তা (মিল) মোস্তাক আহমেদ এবং প্রকল্প কর্মকর্তা (লজিস্টিকস) তাজ উদ্দীন।

ইউনিয়নভিত্তিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা বলেন, এবারের বন্যায় বহু পরিবার ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও জীবিকার উৎস হারিয়ে মানবিক সংকটে পড়েছে। এই ধরনের খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখছে এবং তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করছে।

Explore More Districts