মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কাজের সাইটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল আহমদ ইমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল মালিক বাদাই মিয়ার পুত্র। সোমবার (৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় ইলেক্ট্রিশিয়ান জুয়েল আহমদ ইমন সোমবার সকালে কাজে যায়। দুপুরে আরেঙ্গাবাদ গ্রামের এক ব্যক্তির বাড়িতে ইলেক্ট্রিক কাজের সময় হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে বাড়ির লোকজন দ্রুত তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে রাত ১০টা ১০ মিনিটে দোহালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে গভীর শোক। এ ঘটনায় স্থানীয়রা কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

