বঙ্গোপসাগরে দস্যুদের গুলিতে পাথরঘাটার দুই জেলে আহত

বঙ্গোপসাগরে দস্যুদের গুলিতে পাথরঘাটার দুই জেলে আহত

২৩ February ২০২৬ Monday ৫:৪৩:২০ PM

Print this E-mail this


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বঙ্গোপসাগরে দস্যুদের গুলিতে পাথরঘাটার দুই জেলে আহত

গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে দুই জেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের মো. দুলাল মিয়ার মালিকানা এফবি জাহিদ নামে ট্রলারে এ ঘটনা ঘটে।

ওই ট্রলারে ১৪ জন জেলের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন- নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮)।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত নুর আলম খানের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বড় টেংরা ও শাহজাহানের বাড়ি বাদুরতলা গ্রামে। গুলিবিদ্ধ হওয়ার ২০ ঘণ্টা পর রোববার দিনগত রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছান তারা। 

এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক মাঝি বলেন, রোববার ভোর ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় জাল টানার সময় হঠাৎ একটি ট্রলার এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে।এ সময় আমাদের জেলেরা দিগ্বিদিক হয়ে ছুটাছুটি করলে দুই জেলে গুলিবিদ্ধ হয়। ট্রলারের একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, নুর আলমের পিঠে এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। আমরা রোববার রাত ১১টার দিকে মহিপুর ঘাটে এসে পৌঁছার পর কলাপাড়ায় তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। তবে কোন দস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত তা জানা যায়নি। গুলিবিদ্ধ দুই জেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডারের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে অপরপ্রান্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য বলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts