
মুম্বাই, ৯ এপ্রিল – বক্স অফিসে সাফল্যের নতুন ইতিহাস রচনা করছেন বলিউড সুপারস্টার রণবীর সিং। তার অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে আয়ের নিত্যনতুন মাইলফলক অতিক্রম করছে। মুক্তির ২১তম দিনে এসেও প্রেক্ষাগৃহে সিনেমাটির আধিপত্য বজায় রয়েছে। গত ৮ এপ্রিল বুধবার ছবিটির আয়ে কিছুটা ভাটা পড়লেও এটি এখন আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমার গড়া এক হাজার ২৩৪ কোটি রুপির অভ্যন্তরীণ আয়ের ঐতিহাসিক রেকর্ড ভাঙার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
ট্রেড অ্যানালিস্ট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী বর্তমানে ‘ধুরন্ধর ২’ সিনেমার মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে এক হাজার ২৪৬ দশমিক ৬৭ কোটি রুপিতে। মুক্তির ২১তম দিনে সিনেমাটি ভারতে মোট সাত দশমিক ৯০ কোটি রুপির ব্যবসা করেছে। এর ফলে দেশীয় বাজারে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে এক হাজার ৪১ দশমিক ২৭ কোটি রুপি। শুধু দেশেই নয় বিদেশের মাটিতেও রণবীরের ম্যাজিক সমানভাবে অব্যাহত রয়েছে। বুধবার আন্তর্জাতিক বাজার থেকে আরও তিন কোটি রুপি সংগ্রহ করায় ছবিটির মোট ওভারসিজ গ্রস দাঁড়িয়েছে ৪০৭ কোটি রুপিতে।
সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর ২’ সিনেমার মোট আয় এখন এক হাজার ৬৫৩ দশমিক ৬৭ কোটি রুপি। এস এস রাজামৌলির ‘বাহুবলী ২’ সিনেমার রেকর্ড আগেই ভেঙে দেওয়া এই ছবিটি এখন ভারতের সর্বোচ্চ আয়ের তকমা পেতে ‘পুষ্পা ২’ থেকে মাত্র ১৯২ দশমিক ৮৩ কোটি রুপি পিছিয়ে রয়েছে। এর আগে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছিল সেই বছরের অন্যতম সফল একটি সিনেমা। বর্তমান সিক্যুয়েলটি মাত্র ১১ দিনেই প্রথম কিস্তির আজীবনের আয়কে অনায়াসে ছাড়িয়ে যায়।
গত ১৯ মার্চ মুক্তি পাওয়া এই সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্ত। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ায় সিনেমাটির সাফল্যের পরিধি আরও ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। প্রথম সপ্তাহে ৬৭৪ কোটি রুপি আয় করে অবিশ্বাস্য সূচনা করা এই ছবিটি এখনো দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা জিইয়ে রেখেছে। সিনেমা সংশ্লিষ্টদের জোরালো ধারণা আগামী কয়েক দিনের মধ্যেই এটি ভারতীয় চলচ্চিত্রের আয়ের সব সমীকরণ বদলে দিতে সক্ষম হবে।
এস এম/ ৯ এপ্রিল ২০২৬




