‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর জেরে ব্রিটিশ পর্যটক দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ – DesheBideshe

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর জেরে ব্রিটিশ পর্যটক দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ – DesheBideshe

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোর জেরে ব্রিটিশ পর্যটক দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ – DesheBideshe

রাজস্থান, ৪ ফেব্রুয়ারি – ‘ফ্রি প্যালেস্টাইন, বয়কট ইসরায়েল’ স্লোগানসংবলিত স্টিকার লাগানোর অভিযোগে যুক্তরাজ্যের দুই পর্যটককে অবিলম্বে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের পুষ্কর শহরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, লুইস গ্যাব্রিয়েল ডি এবং আনুশি এমা ক্রিস্টিন নামের ওই ব্রিটিশ দম্পতি পর্যটন ভিসার শর্ত ভঙ্গ করে রাজনৈতিক প্রচারণায় অংশ নিয়েছিলেন।

গত ২১ জানুয়ারি পুষ্কর শহরের বিভিন্ন স্থানে ওই দম্পতিকে ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে স্লোগান লেখা স্টিকার লাগাতে দেখা যায়। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর পুলিশি তদন্ত শুরু হয়।

রাজস্থানের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা সংবাদমাধ্যমকে জানান, ভারতীয় ভূখণ্ডে অবস্থান করে অন্য কোনো দেশের প্রতি অবমাননাকর কর্মকাণ্ডে লিপ্ত হওয়া ভিসা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বিদেশি নাগরিকদের কার্যকলাপের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বজায় রাখে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসার শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে দেশ থেকে বহিষ্কার এবং ভবিষ্যতে কালো তালিকাভুক্ত করার মতো পদক্ষেপ নেওয়ার বিধান রয়েছে। এরই প্রেক্ষিতে গত সোমবার অপরাধ তদন্ত বিভাগ ওই দম্পতিকে নোটিশ পাঠায় এবং তাদের ভিসা বাতিল করে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেয়।

উল্লেখ্য, পুষ্কর শহরটি ইসরায়েলি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এবং সেখানে বর্তমানে প্রায় দুই হাজার ইসরায়েলি নাগরিক অবস্থান করছেন।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts