ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগছে: আব্দুস সালাম পিন্টু – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগছে: আব্দুস সালাম পিন্টু – নিউজ টাঙ্গাইল | টাঙ্গাইলের খবর

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সরকারের সময় লাগছে। গত ১৫ বছরে রেখে যাওয়া জঞ্জাল ও ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে সরকার পরিচালনা করতে হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নয়ন হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরতে এবং সরকারকে সহযোগিতা করতে হবে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, দলের কেউ মাদকসংক্রান্ত কোনো তদবির নিয়ে গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোপালপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে পাঁচজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল, ১৩৭ জনকে বৃত্তি এবং জিপিএ-৫ পাওয়া ৯৮ জন শিক্ষার্থীকে সনদ ও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডার খন্দকার মহিউদ্দিন স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আলাউদ্দিন এবং গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Explore More Districts