
ময়মনসিংহ, ২৭ ফেব্রুয়ারি – জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল তৈরি ও ঘোষণার সময় ব্যাপক কারচুপি বা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তাঁর দাবি, জামায়াতের নিশ্চিত বিজয় ঠেকাতে অন্তত ৫০টি আসনে পরিকল্পিতভাবে সামান্য ব্যবধানে দলীয় প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে রায় দিয়েছেন এবং বড় কোনো সহিংসতা ছিল না। কিন্তু রাত ৯টার পর রহস্যজনকভাবে গণমাধ্যমে ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয়। মূলত ভোট গণনা ও ফলাফল তৈরির সময় কারচুপি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক কেন্দ্রে ভোট শেষ হওয়ার আগেই প্রিসাইডিং কর্মকর্তারা এজেন্টদের কাছ থেকে কাগজে স্বাক্ষর নিয়ে নিয়েছেন যা সন্দেহজনক। যেসব আসনে অনিয়মের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে, সেসব ব্যালট হেফাজত করে পুনর্গণনার দাবি জানান তিনি।
জামায়াত নেতা আরও উল্লেখ করেন, দেশের জনগণ নির্বাচনে যে গণজোয়ার সৃষ্টি করেছিল তাতে সবাই বিস্মিত হয়েছে। কিন্তু ফলাফল ঘোষণার সময় কারসাজি করে ১ হাজার থেকে ৫ হাজার ভোটের ব্যবধানে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে।
১১ দলীয় জোটের অংশ হিসেবে সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকারের ভালো কাজে সহযোগিতা করা হবে তবে অন্যায় ও জুলুমের তীব্র প্রতিবাদ জানানো হবে। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। সরকারি সুযোগ সুবিধা বণ্টনে দলীয়করণ না করার বিষয়েও তিনি সরকারকে সতর্ক করেন।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. শাহাবুদ্দিন, মতিউর রহমান আকন্দ, জেলা জামায়াতের আমির আবদুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬




