ফরিদগঞ্জের সাইন্টিফিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ফরিদগঞ্জের সাইন্টিফিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রঙিন আয়োজন, শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের উচ্ছ্বসিত উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় এক আনন্দমেলায়।

বৃহস্পতিবার (২১ মে) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন গাজী। বিদ্যালয়ের পরিচালক আমান উল্লাহ খান ফারাবী ও সহকারী শিক্ষক মাহমুদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে নৃত্য, নাটক, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা ছড়ায় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানই পারে একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, “শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে সমান যত্নে গড়ে তুলতে হবে।” এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, লাউতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়াবিদ আনোয়ার হোসেন সজিব, ফরিদগঞ্জ এপেক্স শোরুমের স্বত্বাধিকারী ও সাংবাদিক শাহাদাৎ হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

-নিজস্ব প্রতিনিধি/ ২১ মে ২০২৬

Explore More Districts