চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে এসে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুস্তাকিমসহ তিনজন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্ন্যাসীরহাট-সংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনের একটি জলাবদ্ধ জমিতে ধানের চারা রোপণ করতে নামেন। এর আগেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানির ওপর পড়েছিল, যা শ্রমিকদের নজরে আসেনি। কাজ করার একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে আসা মাত্রই ঘটনাস্থলে অবশ হয়ে পড়েন এবং মারা যান।
এ সময় সাথে থাকা অপর দুই শ্রমিক অলৌকিকভাবে ও অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, “জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে কাজ শুরু করলে দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”
খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহত শ্রমিকের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
এই ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা গ্রামীণ বিদ্যুৎ লাইনের নিয়মিত তদারকি ও ছেঁড়া তার দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

