
ফটিকছড়ি, ২৫ মার্চ – ফটিকছড়ি উপজেলার কোন ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত আছে আর কোথায় নেই, তা এখন এক ক্লিকেই জানা যাচ্ছে। ইনজামাম অপু নামের এক তরুণ এমন একটি ওয়েবসাইট তৈরি করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন।
স্মার্টফোনের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে ‘লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম’ ব্যবহার করে গ্রাহকরা সহজেই তেলের সর্বশেষ অবস্থা জানতে পারছেন। এই লিংকে প্রবেশ করলেই ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পের তেলের সহজলভ্যতার রিয়েল টাইম তথ্য পাওয়া যায়।
তবে ওয়েবসাইটের এই তথ্যের শতভাগ সত্যতা সরাসরি ফিলিং স্টেশনে গিয়ে যাচাই করা সম্ভব হয়নি। উদ্যোক্তা ইনজামাম অপু গণমাধ্যমকে জানান যে স্থানীয় জনসাধারণের সুবিধার্থে তার নিজস্ব উদ্যোগে এবং ফটিকছড়ি ডটকমের কারিগরি সহায়তায় এই সেবাটি চালু করা হয়েছে। এই উদ্যোগে ফটিকছড়ি উপজেলা প্রশাসনও সার্বিক সহায়তা প্রদান করছে।
প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও ক্রেতা এই প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছেন। এর ফলে গ্রাহকদের অহেতুক ভোগান্তি কমার পাশাপাশি মূল্যবান সময়ও সাশ্রয় হচ্ছে।
এই বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহীম জানান যে বর্তমান প্রেক্ষাপটে এই সিস্টেমটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে। মানুষ এখন ঘরে বসেই তাদের প্রয়োজনীয় তথ্য খুব সহজেই পেয়ে যাচ্ছেন।
এ এম/ ২৫ মার্চ ২০২৬


