প্রেসক্লাব যশোরে ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্নের দাবি, নইলে কঠোর কর্মসূচির ঘোষণা

প্রেসক্লাব যশোরে ৭ আগস্টের মধ্যে নির্বাচন সম্পন্নের দাবি, নইলে কঠোর কর্মসূচির ঘোষণা

pressclub jessore

আগামী ৭ আগস্টের মধ্যে প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন করার দাবি পুনর্ব্যক্ত করেছে প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অবৈধ ঘোষণা করে পরবর্তী কর্মসূচি গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে তারা।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে নির্বাচন বাস্তবায়ন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি, দৈনিক কল্যাণ–এর সম্পাদক একরাম-উদ-দ্দৌলা।

সভায় জানানো হয়, ৭ আগস্টের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটিয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটি অন্য কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নিলে তা প্রত্যাখ্যান করা হবে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় জরুরি সিদ্ধান্ত গ্রহণ ও কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে একটি কোর কমিটি গঠন করা হয়েছে।

কোর কমিটির সদস্যরা হলেন— একরাম-উদ-দ্দৌলা, বিনয় কৃষ্ণ মল্লিক, আকরামুজ্জামান, ফকির শওকত, আনোয়ারুল কবির নান্টু, মবিনুল ইসলাম মবিন, আহসান কবির, আমিনুর রহমান মামুন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, নূর ইসলাম ও সরোয়ার হোসেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি প্রেসক্লাব পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের দাবি, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব গ্রহণের পর সদস্যপদ প্রদান ও প্রেসক্লাবের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে গত দুই বছরে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করে দায়িত্বের মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও সাধারণ সদস্যরা গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানালেও কার্যনির্বাহী কমিটি তা উপেক্ষা করেছে। অধিকাংশ সদস্যের মতামতকে অগ্রাহ্য করে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন।

সভায় কোর কমিটির সদস্যদের পাশাপাশি সাইফুল ইসলাম সজল, জুয়েল মৃধা, এইচ. আর. তুহিন, তৌহিদ জামান, তহীদ মনি, গোপীনাথ দাস, মির্জা বদরুজ্জামান টুনু, আব্দুল্লাহ হুসাইন, রাজেক জাহাঙ্গীর, মীর মঈন হোসেন মুছা, বি. এম. আসাদ, এস. এম. সোহেল, জি. এম. সোহরাব হোসেন, মুর্শিদুল আজিম হিরু, হানিফ ডাকুয়া, রকিব হোসেন স্বপন, গালিব হাসান পিল্টু, হাসফিকুর রহমান পরাগসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Explore More Districts