
ঢাকা, ১২ মার্চ – প্রবাস জীবনের নানা জটিলতা, প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন টেলিফিল্ম ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। যুক্তরাষ্ট্রপ্রবাসী নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মামনুন হাসান ইমন, অধরা খান এবং এমদাদ এইচ ভূঁইয়া। টেলিফিল্মটির গল্প মূলত নিউইয়র্কে বসবাসরত এক প্রবাসী যুবককে কেন্দ্র করে এগিয়েছে।
ওই যুবক তার স্ত্রীকে দেশ থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন। স্বপ্নের এই শহরে এসে ওই নারী তার স্বামীর সঙ্গে চরম প্রতারণা করেন। একইসঙ্গে প্রবাসে টিকে থাকার জন্য একজন মানুষের কঠিন সংগ্রাম ও বাস্তব অভিজ্ঞতাও এই গল্পে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জানা গেছে, টেলিফিল্মটির সম্পূর্ণ চিত্রধারণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিভিন্ন মনোরম স্থানে সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদুল ফিতর বা রোজার ঈদে একটি ইউটিউব চ্যানেলে এই টেলিফিল্মটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।
এস এম/ ১২ মার্চ ২০২৬


