‎পেকুয়া হাসপাতালে দুস্থ রোগীদের পাশে জনকল্যাণ পরিষদ, দিল ১০০ পিস জলাতঙ্কের ভ্যাকসিন – দৈনিক আজাদী

‎পেকুয়া হাসপাতালে দুস্থ রোগীদের পাশে জনকল্যাণ পরিষদ, দিল ১০০ পিস জলাতঙ্কের ভ্যাকসিন – দৈনিক আজাদী





‎মানবিকতার হাত বাড়িয়ে অসচ্ছল ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবায় পাশে দাঁড়িয়েছে পেকুয়া জনকল্যাণ পরিষদ, চট্টগ্রাম। কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আক্রান্ত অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ পিস জলাতঙ্কের ভ্যাকসিন (রেবিক্স আইজি) প্রদান করেছে সংগঠনটি।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
‎
‎সংগঠন সূত্রে জানা যায়, সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণীর কামড়ের পর জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় টিকা গ্রহণ অনেক দরিদ্র পরিবারের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে অর্থের অভাবে কেউ যেন জীবনরক্ষাকারী এই চিকিৎসা থেকে বঞ্চিত না হন সেই মানবিক লক্ষ্যেই পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনগুলো সরবরাহ করা হয়েছে।
‎
‎ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, পেকুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া জনকল্যাণ পরিষদের সভাপতি এ জে এম গিয়াসুদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন নুরুল আবছার, সহ-সভাপতি ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম সোহাইল এবং ট্রেজারার মোহাম্মদ সাজ্জাদুল হক। এ ছাড়া সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, কার্যনির্বাহী সদস্য ওয়ারেছি মো. জোবায়ের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‎
‎পেকুয়া জনকল্যাণ পরিষদের নেতারা বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানবকল্যাণের মূল উদ্দেশ্য। অসচ্ছল মানুষের চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সংগঠনটি বিভিন্ন সময়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎স্বাস্থ্যসংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। আক্রান্ত প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা গ্রহণ জরুরি। এ অবস্থায় অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা শুধু একটি চিকিৎসা সহায়তা নয়, বরং জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ।




Explore More Districts