দক্ষিণ চট্টগ্রামের প্রখ্যাত জমিদার, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইন পরিষদের সদস্য, সাবেক এমএলএ মরহুম আলহাজ্ব কবির আহমদ চৌধুরীর মেজ সন্তান আলহাজ্ব আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা ১০ মিনিটে পেকুয়াস্থ নিজ বাসবভনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বিএনপি কঙবাজার জেলা শাখার সহ সভাপতি ও পেকুয়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যা সন্তান, নাতি, নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাত সাড়ে আটটায় পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন কঙবাজার জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আলী হাসান চৌধুরী। এসময় দোয়া চেয়ে মরহুমের স্মৃতিচারণ করেন মরহুমের ছোট ভাই এ এম এম শাহজাহান চৌধুরী, হারুন অর রশীদ চৌধুরী, মরহুমের জ্যেষ্ঠ সন্তান ফরহাদ চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এমপি। এক শোক বিবৃতিতে সালাহউদ্দিন আহমদ জানান, মরহুম আবু তাহের চৌধুরী বাচ্চু মিয়া বিএনপির একজন বিশ্বস্থ বন্ধু ও জনদরদী নেতা ছিলেন। তিনি দলের দুঃসময়ে দলকে নানাভাবে সাহায্য সহযোগিতা দিয়ে দলকে আগলে রেখেছিলেন। পেকুয়া উপজেলা বিএনপি একজন প্রবীণ বিএনপি নেতাকে হারিয়েছে। বিবৃতিতে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে তাঁর মৃত্যুতে পৃথক পৃথক শোক জানিয়েছে কঙবাজার জেলা বিএনপি, কঙবাজার জেলা ওলামা দল, পেকুয়া উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন, পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রাম, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল পেকুয়া উপজেলা শাখা, ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, পেকুয়া ফোরকান হাসপাতাল (প্রাঃ)।



