পীরগঞ্জে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

পীরগঞ্জে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

পীরগঞ্জে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার

 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বড় মজিদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর লাশ ও চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়।
নিহত বিপুল চন্দ্র বর্মন উপজেলার বাহাদুরপুর গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। তিনি পাঁচ কন্যাসন্তানের বাবা। পারিবারিক সূত্রে জানা গেছে, নিজস্ব জমিজমা না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদের পাশাপাশি দিনমজুরির কাজ করতেন তিনি। দীর্ঘদিন ধরে রাতে চার্জার ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তাঁর তিন মেয়ের বিয়ে দিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন বিপুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে বড় মজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে একটি ধানক্ষেতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পাশে তাঁর চার্জার ভ্যানটিও পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের ধানক্ষেতের বেশ কিছু ধানগাছ ভাঙা ছিল। এতে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা কিংবা অন্য কোনো কারণে দুর্বৃত্তদের সঙ্গে বিপুলের ধস্তাধস্তি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts