পীরগঞ্জে চার উন্নয়ন প্রকল্পে জেলা পরিষদের ১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।
রংপুরের পীরগঞ্জে সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক চারটি উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে রংপুর জেলা পরিষদ। জেলা পরিষদের উন্নয়ন সহায়তা খাত থেকে এসব বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াত সহজ করতে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা এবং পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে এসব প্রকল্প নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগ ও দিকনির্দেশনায় এসব উন্নয়ন অনুদান বাস্তবায়ন হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির নেতৃত্বে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পীরগঞ্জের শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে ।

