| ২ September ২০২৬ Wednesday ৭:৪৩:২৮ PM | |
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন শেখ (৪৪) নামে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে। তিনি মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান তার সাবেক সভাপতির দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুমনের স্ত্রী সোনিয়া বেগম জানান, বাড়ির গরুর খামারের বৈদ্যুতিক পানির পাম্প চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।গুরুতর আহত অবস্থায় তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাকিল খান বলেন, স্বজনেরা সুমনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।
এদিকে, একই দিনে নাজিরপুরে নারকেল গাছ থেকে পড়ে মো. হিরু হাজরা (৩৭) নামে এক ডাব-নারকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল শিকদার জানান, সকালে বাড়ির কাছে একটি নারিকেল গাছে ডাব পাড়তে উঠেছিলেন হিরু। এ সময় গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
