পিরোজপুরে ইটভাটায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরে ইটভাটায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

১০ April ২০২৬ Friday ১২:২০:১৮ PM

Print this E-mail this


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে ইটভাটায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরের জিয়ানগরে ইটভাটায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফারুক হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর ছেলে। তিনি কেবিআই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক হিসেবে কয়েক বছর ধরে কাজ করে আসছিলেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের কেবিআই ব্রিক ফিল্ডে ইট কাটা শ্রমিক মো. ফারুক হোসেন পানি আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন সকালে কলসি নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। কিন্তু আগের রাতের যে কোনো এক সময় বাতাস ও বৃষ্টিতে ইটভাটার একটি বৈদ্যুতিক তার রাস্তায় ছিঁড়ে পড়েছিল। ফারুক হোসেন সেটি লক্ষ্য করতে না পাড়ায় ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে যান এবং ওখানেই তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে অন্য শ্রমিকরা তাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখলে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, ফারুক পানি আনতে যাওয়ার সময় বৈদ্যুতিক তারে পেঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকেন। অন্য শ্রমিকরা দেখে তাকে উদ্ধার করলে আমরা দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে পাঠাই। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ইটভাটার বৈধ কোনো কাগজ আছে কি-না এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। তবে আবেদন করা হয়েছে।

জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. শামীম হাওলাদার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়েছি। মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালে রয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, পিরোজপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts