পার্কভিউ হসপিটালে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উদযাপন – দৈনিক আজাদী

পার্কভিউ হসপিটালে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উদযাপন – দৈনিক আজাদী

স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে রোগীর পাশে সবচেয়ে নিবিড়ভাবে যাঁরা থাকেন, তাঁরা হলেন নার্স। তাঁদের নিরলস পরিশ্রম, মানবিকতা, দায়িত্ববোধ ও আন্তরিক সেবাই একজন রোগীর সুস্থ হয়ে ওঠার পথে আস্থা ও সাহস জোগায়। এই মহান পেশাজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পার্কভিউ হসপিটাল লিমিটেডে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ — ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের শুরুতে পার্কভিউ হসপিটালের নার্সদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি কাতালগঞ্জস্থ পার্কভিউ হসপিটাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মির্জাপুল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা নার্সিং পেশার গুরুত্ব, মানবিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা বিষয়ক বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

পরে হাসপাতালের কনফারেন্স হলে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম। কেক কাটার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, ল্যাব ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, ডিরেক্টর কমপ্লায়েন্স ডা. সালাহউদ্দিন এম.এ.এইচ. চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. ছগির, জেনারেল ম্যানেজার জনাব তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাম্মদ হুমায়ুন কবীর, মার্কেটিং ম্যানেজার জনাব জাহেদুল ইসলামসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মার্কেটিং টিমের সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নার্সরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। রোগীর সেবায় তাঁদের পেশাদারিত্ব, ধৈর্য, দক্ষতা ও মানবিক আচরণ চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর, মানবিক ও বিশ্বস্ত করে তোলে। বক্তারা নার্সদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নার্সিং সেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপনের এই আয়োজনের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড নার্সদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও স্বীকৃতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Explore More Districts