পারমাণবিক হুমকি না থাকলেও ইরানে হামলার কথা ভাবছেন ট্রাম্প – DesheBideshe

পারমাণবিক হুমকি না থাকলেও ইরানে হামলার কথা ভাবছেন ট্রাম্প – DesheBideshe

পারমাণবিক হুমকি না থাকলেও ইরানে হামলার কথা ভাবছেন ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ৩০ জানুয়ারি – ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে এখনই কোনো বড় হুমকি নেই বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে। তবে হুমকি না থাকলেও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিষয়টি ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

পত্রিকাটির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলার ছয় মাস পেরিয়ে গেলেও ইরান আবার উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে বা পারমাণবিক ওয়ারহেড তৈরির পথে এগিয়েছে—এমন শক্ত প্রমাণ খুব বেশি নেই। এ অবস্থায় নতুন করে দেওয়া হুমকির সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে।

গত জুনে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছিলেন, তারা যদি কোনো ‘শান্তিচুক্তি’ না করে, তাহলে ভবিষ্যতে হামলা আরও ভয়াবহ হবে। চলতি সপ্তাহেও তিনি একই ধরনের হুমকি দেন এবং তেহরানকে আবার আলোচনায় ফিরতে চাপ দেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্টের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্র কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে না—এ বিষয়ে ট্রাম্প স্পষ্ট অবস্থানে আছেন।

এই হুমকির বিষয়টি জোরালো করতে পেন্টাগন মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে রয়েছে ‘আব্রাহাম লিংকন’ বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক দশ হাজার মার্কিন সেনা মোতায়েন। তবে শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করছেন, নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি কোন দিকে যাবে, তা এখনো অনিশ্চিত।

উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালায়। এরপর ১২ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রও যুক্ত হয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে। ওই ঘটনার পর থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রয়েছে।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬



Explore More Districts