| ৫ October ২০২৬ Monday ৪:২৮:১০ PM | |
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ধর্ষণ মামলায় মো. মাহবুব কারিকর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি উভয় পক্ষের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাহবুব কারিকর পাথরঘাটা উপজেলার বাইনচকী গ্রামের আবদুল কাদেরের ছেলে।
আদালতের আদেশে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মাহবুব কারিকরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে ওই ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার ১০ হাজার টাকা ভুক্তভোগী রিনা বেগমকে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩ জুন বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগী রিনা বেগম ও তার স্বামীকে চট্টগ্রামে নিয়ে যান মাহবুব কারিকর। সেখানে একটি হোটেলে ভুক্তভোগীর স্বামী পানি পান করতে গেলে কৌশলে রিনাকে নিয়ে যান মাহবুব। পরে তার মোবাইল ফোনও বন্ধ করে দেন তিনি।
বিষয়টি জানতে পেরে রিনার স্বামী পরিবারকে জানান এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে একই বছরের ২৩ জুন রিনার বাবা খবির গাজী বাদী হয়ে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
মামলার সাক্ষ্য ও শুনানি শেষে প্রায় ১২ বছর পর আদালত মাহবুব কারিকরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এর আগে যুক্তিতর্ক শুনানির দিন আদালত তাকে জেলহাজতে পাঠান। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু জাগো নিউজকে বলেন, আদালতের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি। আমরা এ রায়ে সন্তুষ্ট।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


